
পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ (হি. স.):- নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে প্রবেশ করল কেন্দ্রীয় বাহিনী। সোমবার দুপুর প্রায় ১টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী কেশপুর ব্লক সংলগ্ন কিষাণ মান্ডি চত্বরে এসে পৌঁছায়। বাহিনীর জওয়ানদের স্বাগত জানান কেশপুর থানা-র ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত কেন্দ্রীয় বাহিনী কিষাণ মান্ডিতেই অবস্থান করবে। মঙ্গলবার সকাল থেকে কেশপুর ব্লকের বিভিন্ন স্পর্শকাতর ও উপদ্রুত এলাকায় রুটমার্চ ও টহল দেওয়া শুরু করার কথা রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন জওয়ানরা। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের আস্থা বাড়াতেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়