
চন্দ্রকোণা, ২ মার্চ (হি. স.): পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নরহরিপুর গ্রামের বাসিন্দা ৬০ বছরের আশীষ দাসের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগে পরিবার। পেশায় টোটোচালক আশীষবাবু জন্মসূত্রে উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা। ২০০২ সালে বিবাহসূত্রে চন্দ্রকোণায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। বর্তমানে চন্দ্রকোণা-২ ব্লকের সৃষ্টি মহিলা মহাসংঘ বিল্ডিং এলাকার ১৪৪ নম্বর বুথের ভোটার তালিকায় তাঁর স্ত্রী শোভা দাস ও ছেলে আকাশ দাসের নাম থাকলেও আশীষবাবুর নামের পাশে ‘ডিলিটেড’ লেখা রয়েছে।তালিকা প্রকাশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন আশীষবাবু। জানা গেছে, কমিশনের নির্ধারিত ১১টি নথির কোনওটিই প্রথম শুনানিতে দেখাতে পারেননি তিনি। ‘নো ম্যাপিং ভোটার’ হিসেবে চিহ্নিত হওয়ার পর বিএলও ও ব্লক প্রশাসনের পরামর্শে দ্বিতীয়বার ডমিসাইল সার্টিফিকেট জমা দেন। তবুও নাম পুনর্বহাল হয়নি।সোমবার আশীষবাবু জানান, তাঁর বাবা সুনীল কৃষ্ণ দাস ও মা লতা দাস পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। পাকিস্তান হাইকমিশনের সিলযুক্ত একটি পুরনো পাসপোর্ট এখনও পরিবারের কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তাঁর ভোটার কার্ড, আধার ও রেশন কার্ড থাকলেও এস আই আর প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়