
কলকাতা, ২ মার্চ (হি. স.): দোলের মুখে বড়সড় সাফল্য পেল লিলুয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার হলেও অন্য এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি টোটোয় করে প্রায় ২৫ কার্টুন মদ লিলুয়া এলাকায় আনা হচ্ছিল। অভিযানের সময় ওই টোটো-সহ প্রায় লক্ষাধিক টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। হাতেনাতে ধরা পড়ে টোটোচালক গোপাল রায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় জয়পুরের দিক থেকেই মদগুলি আনা হচ্ছিল। দোল উৎসব উপলক্ষে লিলুয়ার বিভিন্ন প্রান্তে সেগুলি সরবরাহের পরিকল্পনা ছিল পাচারকারীদের।
ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের মূল পান্ডার সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। দোলের আগে পুলিশের এই ঝটিকা অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত