
কলকাতা, ২ মার্চ (হি. স.): তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়াকে শ্রদ্ধা জানানো হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। এই উপলক্ষে সোমবার বিধানসভার লবিতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে শাসকদলের বিধায়কেরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুশীল কুমার ধাড়া ছিলেন লোকসভার প্রাক্তন সদস্য এবং ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। পূর্ব মেদিনীপুরের টিকারামপুরে জন্মগ্রহণ করা এই বিপ্লবী ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত 'তাম্রলিপ্ত জাতীয় সরকার'-এর যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তমলুকের এই সমান্তরাল সরকারের সশস্ত্র বাহিনী বিদ্যুৎ বাহিনী-র সর্বাধিনায়কও ছিলেন সুশীল ধাড়া।
প্রাক্তন এই বিধায়ক ও সাংসদ আশির দশকের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পুরোপুরি সমাজসেবায় আত্মনিয়োগ করেন। মেদিনীপুরের এই বীর সন্তানকে শ্রদ্ধা জানিয়ে আজ তাঁর রাজনৈতিক ও বৈপ্লবিক অবদানের কথা স্মরণ করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত