টেট-২ উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবি, টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ প্রার্থীরা
আগরতলা, ২ মার্চ (হি.স.) : সকল উত্তীর্ণ প্রার্থীদের একযোগে নিয়োগের দাবিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (টিআরবিটি) -এর চেয়ারম্যানের দ্বারস্থ হলেন ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণরা। সোমবার তাঁরা বোর্ড কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি পেশ করেন। প্রার্
টিআরবিটি অফিসে চাকরি প্রত্যাশীরা


আগরতলা, ২ মার্চ (হি.স.) : সকল উত্তীর্ণ প্রার্থীদের একযোগে নিয়োগের দাবিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (টিআরবিটি) -এর চেয়ারম্যানের দ্বারস্থ হলেন ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণরা। সোমবার তাঁরা বোর্ড কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি পেশ করেন।

প্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার সম্প্রতি ১,০২০ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে এসটি সংরক্ষিত আসনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। তাঁদের দাবি, যে সংখ্যক সংরক্ষিত পদ রাখা হয়েছে, সেই সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হননি। ফলে সংরক্ষণের কারণে সাধারণ তালিকার বহু উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যেতে পারেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেট-২ উত্তীর্ণরা বলেন, শুরু থেকেই তাঁরা সকলকে একসঙ্গে নিয়োগের দাবি জানিয়ে আসছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যদি নিয়োগ থেকে বঞ্চিত হতে হয়, তবে তা অত্যন্ত হতাশাজনক। তাই সরকার যেন পুনর্বিবেচনা করে ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণ সকল প্রার্থীকে একযোগে নিয়োগের ব্যবস্থা করে।

এদিন প্রতিনিধিদল টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলে তিনি স্পষ্ট জানান, কতজনকে নিয়োগ করা হবে তা সম্পূর্ণরূপে সরকারের নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে বোর্ডের নিজস্ব কোনও করণীয় নেই বলেও তিনি জানান।

চাকরি প্রত্যাশীরা জানান, প্রয়োজনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন। তবে তার আগে তাঁরা সরকারের কাছে ইতিবাচক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande