
দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ (হি. স.): সোমবার ভোরে বাসন্তীর চুনাখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি পোলট্রি ফার্ম। অগ্নিকাণ্ডের ঘটনা চুনাখালি পঞ্চায়েত সংলগ্ন অপূর্ব রায়ের পোলট্রি ফার্মে ঘটে। আগুন লাগার সময় ফার্মের ভেতরে থাকা হাজারখানেকের বেশি মুরগি ছিল| আগুনে সব মুরগি পুড়ে মারা যায়। স্থানীয় বাসিন্দারা ভোরবেলা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো পোলট্রি ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। ফার্মের মালিক অপূর্ব রায়ের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়