
আগরতলা, ২৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব অপটোমেট্রি দিবস। এই উপলক্ষ্যে সকালে রাজধানী আগরতলায় একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন (এটিওএ)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই রেলি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে।
বিশ্ব অপটোমেট্রি দিবস উপলক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত বণিক জানান, অপটোমেট্রি পেশা চক্ষু চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। চশমার পাওয়ার নির্ধারণ, কনট্যাক্ট লেন্স ব্যবস্থাপনা থেকে শুরু করে ছানি জনিত অন্ধত্ব প্রতিরোধেও অপটোমেট্রিস্টদের অবদান উল্লেখযোগ্য। তিনি বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরেই এই পেশা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে রেলি, রক্তদান শিবির এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে চক্ষু চিকিৎসা শিবির।
এছাড়াও আগামী ২৯ মার্চ সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে রাজ্য ও বহিঃরাজ্যের অপটোমেট্রিস্টরা অংশগ্রহণ করে পেশার বিভিন্ন দিক, সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ