
খড়্গপুর, ২৩ মার্চ (হি. স.) : - আরপিএফ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। সোমবার খড়্গপুর শহরের অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় রেলের প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।অভিযোগ, প্রায় আট মাস আগে ওই এলাকায় একটি রাস্তা রেলের পক্ষ থেকে টিনের প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হয়। সেই সময় বিষয়টি নিয়ে আন্দোলন করায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে রেলের পক্ষ থেকে মামলা করা হয় বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি বিজেপি কর্মীরা সেই রেলের প্রাচীর ভাঙার কাজ শুরু করেছে বলে দাবি তৃণমূলের।এই ঘটনার প্রতিবাদ জানাতে তৃণমূল প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে আরপিএফ থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করতে যান, তবে তিনি উপস্থিত না থাকায় দেখা করা সম্ভব হয়নি। প্রদীপ সরকারের অভিযোগ, রেলের জায়গায় তৃণমূলের পতাকা থাকলে নির্বাচন কমিশনের নির্দেশে তা দ্রুত খুলে ফেলা হয়, অথচ রেলের বিভিন্ন এলাকায় বিজেপির বহু পতাকা এখনও লাগানো রয়েছে।তিনি আরও অভিযোগ করেন, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বিজেপি নেতৃত্ব এইসব কাজে উস্কানি দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী নির্বাচনে মানুষ এর উপযুক্ত জবাব দেবে বলেও তিনি দাবি করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়