
শিলিগুড়ি, ২৩ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার শিলিগুড়িতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এই কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এবং দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম) হরিশঙ্কর। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন থানার আইসি ও ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল। সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই রুট মার্চ চালানো হয়।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, বর্তমানে শহরে কেন্দ্রীয় বাহিনীর পাঁচটি কোম্পানি মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে। শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং প্রায় আটটি জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে, যাতে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করা যায়। ভোটাররা যাতে কোনও ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটদান করতে পারেন, সেই আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর জানান, প্রশাসন পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে রুট মার্চ ও নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি এলাকার ওপর কড়া নজর রাখা হচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করছে। সাধারণ মানুষের যেকোনও অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এই রুট মার্চের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনের সময় কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং নিরাপত্তার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ কড়াকড়িভাবে কার্যকর থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি