
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে, প্রথম তালিকায় মোট ২৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের ৮টি জেলার ২৩টি আসনে লড়াইয়ের ময়দানে নামছে আইএসএফ প্রার্থীরা।
ঘোষিত তালিকা অনুযায়ী, আইএসএফ-এর অন্যতম মুখ তথা বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী পুনরায় তাঁর নিজের কেন্দ্র ভাঙড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং পূর্ব আসন থেকে প্রার্থী করা হয়েছে আরাবুল ইসলামকে।
আইএসএফ-এর প্রথম তালিকায় জেলা ভিত্তিক যে আসনগুলোতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেগুলি হলো:
দক্ষিণ ২৪ পরগণা (৬টি আসন): ভাঙড়, ক্যানিং (পূর্ব), ক্যানিং (পশ্চিম), কুলপি এবং মগরাহাট (পশ্চিম)।
উত্তর ২৪ পরগণা (৬টি আসন): বাদুড়িয়া, অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা ও বসিরহাট (উত্তর)।
বীরভূম (৩টি আসন): সিউড়ি, বোলপুর ও মুরারই।
নদীয়া (২টি আসন): পলাশীপাড়া ও চাপড়া।
হুগলি (২টি আসন): হরিপাল ও খানাকুল।
মালদা (১টি আসন): সুজাপুর।
পূর্ব মেদিনীপুর (১টি আসন): নন্দীগ্রাম।
পশ্চিম বর্ধমান (১টি আসন): বারাবনি।
পশ্চিম মেদিনীপুর (১টি আসন): একটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের রাজ্য কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। আজকের এই ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত