
আগরতলা, ২৩ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড়ের নেতাজিনগরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রণবীর দেবনাথকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে ত্রিপুরা সরকার। এই ঘটনায় ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উত্থাপিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার বিকেল ও গভীর রাতে বিশালগড় থানার অধীন নেতাজিনগর এলাকায় স্থানীয় ঠিকাদার অনুপ সাহার বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আতঙ্ক সৃষ্টি করতে বাড়িতে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, এই গুলিকাণ্ডের মূল চক্রী হিসেবে বিশালগড় এলাকারই বাসিন্দা রণবীর দেবনাথের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় শূন্যকালে সরব হন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাজ্যে একের পর এক গুলিকাণ্ডের ঘটনা ঘটছে। কিছুদিন আগেই জম্পুইজলায় গুলি চলেছে, তার পরেই বিশালগড়ে এই ঘটনা। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।” তিনি এই বিষয়ে স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত বিবৃতি দাবি করেন।
এর জবাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ঘটনাটি বিশালগড় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত হয়েছে এবং শুরুতেই থানার সাব-ইন্সপেক্টর মিঠু সাহার নেতৃত্বে তদন্ত শুরু হয়। পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, অভিযুক্ত রণবীর দেবনাথের সঙ্গে ভুক্তভোগী অনুপ সাহার পূর্ব পরিচিতি ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কও ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর অভিযুক্তের বাবা-মা অনুপ সাহার বাড়িতে গিয়ে দুঃখপ্রকাশ ও উদ্বেগ জানান। তবে তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বিশালগড় থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।”
এদিকে, মুখ্যমন্ত্রীর বিবৃতির পর বিষয়টি নিয়ে পয়েন্ট অফ ক্লারিফিকেশন তোলেন সিপিআই(এম)-এর সহকারী পরিষদীয় নেতা শ্যামল চক্রবর্তী। তিনি দাবি করেন, অভিযুক্ত রণবীর দেবনাথ বিশালগড় এলাকায় বহু অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও সে দীর্ঘদিন ধরেই সক্রিয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তের সঙ্গে শাসকদলের এক নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ