ঝাড়গ্রামে রান্নার গ্যাসের চরম সংকট: রাতভর লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, রাজ্য সড়ক অবরোধ গ্রাহকদের
ঝাড়গ্রাম, ২৩ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে এবং কালোবাজারির অভিযোগে ঝাড়গ্রাম শহরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা। সোমবার সকালে ঝাড়গ্রাম-লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায় এই পথঅবরোধের জেরে ব্য
ঝাড়গ্রামে রান্নার গ্যাসের চরম সংকট: রাতভর লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, রাজ্য সড়ক অবরোধ গ্রাহকদের


ঝাড়গ্রাম, ২৩ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে এবং কালোবাজারির অভিযোগে ঝাড়গ্রাম শহরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা। সোমবার সকালে ঝাড়গ্রাম-লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায় এই পথঅবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গ্রাহকদের অভিযোগ, চার-পাঁচ দিন ধরে গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সিগুলির সামনে চরম অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। রাত দুটো থেকে গ্রাহকেরা লাইনে দাঁড়ালেও অফিস খোলার পর জানানো হচ্ছে যে গ্যাসের মজুত নেই। অথচ গ্রাহকদের মোবাইলে গ্যাস ডেলিভারির এসএমএস চলে আসছে বলে দাবি করা হয়েছে। বিক্ষোভকারী রাজীব দাসের অভিযোগ, বুকিং করার পরেও রাতভর লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। অন্য এক গ্রাহক বিকাশ দাসের দাবি, এই কৃত্রিম সংকটের আড়ালে গ্যাসের কালোবাজারি চলছে। গীতা রায় নামে এক মহিলা জানান, সাধারণ মানুষ বঞ্চিত হলেও খোলা বাজারে চড়া দামে গ্যাস বিক্রি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ। তিনি বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং অবরোধ তোলার আবেদন জানান। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং গ্রাহকদের নিয়ে গ্যাস এজেন্সির কার্যালয়ে যাওয়া হয়। এজেন্সি বন্ধ থাকায় বাইরে থেকেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলে।

শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিন ১০০ জন গ্রাহকের হাতে গ্যাসের বিশেষ টোকেন তুলে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে, মঙ্গলবার তাঁদের গ্যাস সরবরাহ করা হবে। গ্যাস এজেন্সির অন্যতম কর্তৃপক্ষ সুরজিৎ হাঁসদা জানিয়েছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলেই পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে, জেলার গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে একটি বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande