
হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার প্রত্যাশা মতো হাফলং আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নন্দিতা গার্লোসা (রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী)।
হাফলং আসনে বিজেপির টিকিট না পেয়ে, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রবিবার রাতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন নন্দিতা গার্লোসা। রবিবার রাতেই হাফলং আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে নন্দিতা গার্লোসার নাম ঘোষণা করে কংগ্রেস।
আজ সোমবার হাফলং রাজীব ভবন থেকে হাফলং জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেলা একটা নাগাদ অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা ও জেলা কংগ্রেস সভাপতি হাইজেরাংবে জেমিকে সঙ্গে নিয়ে জেলা কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন নন্দিতা গার্লোসা।
মনোনয়নপত্র দাখিল করে বাইরে বেরিয়ে এসে নন্দিতা গার্লোসা বলেন, বিজেপিতে থাকা আমার কাছে অনেক হৃদয়স্পর্শী ছিল। তবে বিজেপি দলই আমাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে। তিনি বলেন, রাজ্যের মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি আমি। তিনি বলেন, বিজেপি দলে ভেদভাবের রাজনীতি চলে। যা আমি পাঁচ বছর বিজেপিতে থেকে সহ্য করেছি। তবে কারো বিরুদ্ধে আমার এ নিয়ে কোনও অভিযোগ নেই।
এবার কংগ্রেসে এসে শ্বাস ফেলতে পারব। কারণ, এই দলে কোনও ভেদভাব নেই। কংগ্রেস আমাকে হাফলং আসন থেকে প্রার্থিত্ব দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নন্দিতা বলেন, তাঁর কংগ্রেসে যোগ দেওয়ায় ডিমা হাসাও জেলায় ব্যাপক রাজনৈতিক প্রভাব পড়বে। হাফলং আসনে তিনিই জয়লাভ করবেন বলে আশাবাদী নন্দিতা গার্লোসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব