বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু, উত্তপ্ত গঙ্গাজলঘাঁটির পালেরবাঁধ মোড়
বাঁকুড়া, ২৩ মার্চ (হি.স.): পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড় এলাকায়। বেপরোয়া যান চলাচলের জেরে এই মৃত্যুর প্রতিবাদে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে বাঁকুড়া-রানিগঞ্জ
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু, উত্তপ্ত গঙ্গাজলঘাঁটির পালেরবাঁধ মোড়


বাঁকুড়া, ২৩ মার্চ (হি.স.): পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড় এলাকায়। বেপরোয়া যান চলাচলের জেরে এই মৃত্যুর প্রতিবাদে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা ও বিক্ষোভে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা, যার ফলে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্রীরাম ঢাং (৩৮)। তিনি মেজিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের পালেরবাঁধ মোড় সংলগ্ন এলাকায়।

পরিবার সূত্রে খবর, শ্রীরামবাবু দুর্লভপুরের একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। সোমবার সকালে নাইট শিফটের কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পালেরবাঁধ মোড়ের কাছে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিজনেরা। তাঁরা জাতীয় সড়কের পালেরবাঁধ মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের অভিযোগ, এই রাস্তায় প্রতিনিয়ত বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে, যার ফলে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে তাঁরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন। খবর পেয়ে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তাঁদের একপ্রস্থ বচসাও হয়। এই অবরোধের জেরে বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande