
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তের দাবি উঠল। এই মর্মান্তিক ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, গত ১৯ মার্চ আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁর অভিযোগ, এই ঘটনায় স্পষ্টত প্রশাসনিক গাফিলতির প্রমাণ মিলেছে, তাই প্রকৃত সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্ত প্রয়োজন।
আদালতে পেশ করা ওই আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় দেড় বছর আগে এই হাসপাতালেই এক মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর ভারতের সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছিল। সেই সময় রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ ৩১ অক্টোবর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করা হবে। আবেদনকারীর অভিযোগ, সেই আশ্বাসের পরেও নিরাপত্তা ব্যবস্থায় চরম খামতি থাকার কারণেই পুনরায় এই ধরনের প্রাণহানি ঘটেছে।
প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। মামলাকারী দাবি জানিয়েছেন , গত ২০ মার্চ টালা থানায় কলকাতা পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেই তদন্তভার সিবিআই-কে হস্তান্তর করা হোক। পাশাপাশি, ঘটনার সময়কার সমস্ত সিসিটিভি ফুটেজ যাতে সুরক্ষিত রাখা হয়, সেই নির্দেশও চাওয়া হয়েছে। আবেদনে মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে নিরাপত্তা সংক্রান্ত সুপারিশগুলি অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল হাসপাতালের লিফটের দরজায় আটকে গিয়ে। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের ফরেন্সিক দল হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখেছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে, যাঁদের মধ্যে তিনজন লিফট অপারেটর এবং দুজন নিরাপত্তা কর্মী রয়েছেন।
এরই মধ্যে সোমবার ভোরে আর জি কর হাসপাতালে আরও একটি দুর্ভাগ্যজনক ঘটনা সামনে এসেছে। ভোর চারটে নাগাদ শৌচাগারে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এই দুটি ঘটনাই গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি