চার দফা দাবিতে সিআইটিইউ-এর বিধানসভা অভিযান, বিজেপিকে আক্রমণ মানিক সরকারের
আগরতলা, ২৩ মার্চ (হি.স.) : শ্রমিকদের চার দফা দাবিতে সোমবার আগরতলায় বিধানসভা অভিযানে সামিল হল সিআইটিইউ। এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের মতোই প্রতি
বিধানসভা অভিযান


আগরতলা, ২৩ মার্চ (হি.স.) : শ্রমিকদের চার দফা দাবিতে সোমবার আগরতলায় বিধানসভা অভিযানে সামিল হল সিআইটিইউ। এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের মতোই প্রতিশ্রুতির বন্যা বইয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ নেতৃত্ব মানিক দে, শংকর প্রসাদ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি ডিমসাগর এলাকায় পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। পরে সেখানেই সভা করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় মানিক সরকার বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৩২টি আইনকে চারটি শ্রম কোডে রূপান্তর করে শ্রমিকদের সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে তা পুঁজিপতিদের মুনাফা বৃদ্ধির উদ্যোগ। এতে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হবে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি কোনও ভ্রান্ত ধারণায় না ভুগতে শ্রমিক-কর্মচারীদের সতর্ক করেন তিনি।

অভিযানের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, বকেয়া ডিএ ও ডিআর পরিশোধ, ছাঁটাই হওয়া প্রকল্প কর্মীদের পুনর্বহাল এবং শ্রমিকস্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল।

এদিকে জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, ২০১৮ সালের পর রাজনৈতিক উদ্দেশ্যে বহু অনিয়মিত কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। অনেক ক্ষেত্রে দূরবর্তী এলাকায় বদলি করে তাঁদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande