
আগরতলা, ২৩ মার্চ (হি.স.) : নিয়মিতকরণসহ ১০ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করলেন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) জওয়ানদের সহধর্মিনীরা। সোমবার এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য পুলিশের সদর দফতরে একপ্রকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা যায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক যুবক বর্তমানে স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রিপুরা পুলিশ আইন অনুযায়ী তাঁদের নিয়োগ করা হলেও দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ী ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এসপিও জওয়ানরা মাসে প্রায় ১১ হাজার ৮০০ টাকা মাইনে হিসেবে পেলেও, অভিযোগ অনুযায়ী অনেক সময় এই মাইনে নিয়মিতভাবে প্রদান করা হয় না। ফলে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে তাঁদের পরিবারকে।
এই পরিস্থিতিতে এসপিও জওয়ানদের সহধর্মিনীরা একত্রিত হয়ে সোমবার পুলিশের সদর দফতরে এসে ডেপুটেশন প্রদান করেন। তাঁরা পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ তাঁদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।
ডেপুটেশন প্রদানকারীরা জানান, তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—এসপিওদের চাকরি নিয়মিত করা, পুলিশের মতো ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) চালু করা, কর্মরত অবস্থায় কোনও এসপিও জওয়ানের মৃত্যু হলে পূর্ণ সুযোগ-সুবিধা প্রদান, ড্রেস অ্যালাউন্স চালু করা সহ একাধিক সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
সহধর্মিনীদের বক্তব্য, বর্তমানে সামান্য মাইনে দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই আয়ে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ফলে তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসনকে এই বিষয়গুলিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তাঁরা আরও সতর্ক করে জানান, যদি দ্রুত তাঁদের দাবিগুলি পূরণ না করা হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এবং পুনরায় ডেপুটেশনসহ বিভিন্ন গণআন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ