
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে কড়া পদক্ষেপ গ্রহণ করল বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত মোট ১৮১.৩১ কোটি টাকার নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য এবং মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নগদ অর্থ উদ্ধারের পরিমাণ ২৮২.৩৩ লক্ষ টাকায় পৌঁছেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজ্যজুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসার থেকে শুরু করে পুলিশ মহানির্দেশক ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অবৈধ প্রলোভন ও অর্থশক্তির অপব্যবহার রুখতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। ভোটারদের ভয় দেখানো বা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছে কমিশন। আদর্শ আচরণবিধি কঠোরভাবে পালনের জন্য কমিশন নিরন্তর নজরদারি চালাচ্ছে। এরই মধ্যে কোচবিহার জেলার পাটলাখাওয়া এলাকায় নাকা চেকিং চলাকালীন দুটি বাস থেকে ৫.৮ কেজি মাদক এবং ২.৭ কেজি নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নির্বাচনী নজরদারির জন্য রাজ্যজুড়ে ১,৮৭৯টি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে ২,২৩৫টি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম সক্রিয় রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ভোটের আগে অবৈধ রাজনৈতিক প্রচার সামগ্রী সরানোর অভিযানেও বড় সাফল্য মিলেছে। এখন পর্যন্ত মোট ৩,৫৮,৯৮৬টি রাজনৈতিক পোস্টার ও ব্যানার সরানো হয়েছে। এর মধ্যে ৩,১১,৮২৯টি সরকারি সম্পত্তি থেকে এবং ১৯,৯০১টি বেসরকারি সম্পত্তি থেকে সরানো হয়েছে। নির্বাচন কমিশন ফের মনে করিয়ে দিয়েছে যে, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আদর্শ আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি