
কলকাতা, ২৩ মার্চ (হি.স.) : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। আবারও এক রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় হাসপাতালে এলেও শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক বৃদ্ধ। সোমবার ভোরে ঘটা এই অঘটনে ফের হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীর নাম বিশ্বজিৎ সামন্ত (৬০)। তিনি উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ছিলেন। রবিবার রাত আড়াইটে নাগাদ তাঁকে চিকিৎসার জন্য আরজি করের এমারজেন্সি ট্রমা বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছিল। জরুরি বিভাগেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় বৃদ্ধের শৌচাগারে যাওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, জরুরি বিভাগের নিচতলার শৌচাগারটি অত্যন্ত অপরিষ্কার ছিল। অন্যদিকে হাসপাতালের লিফট বিকল থাকায় স্ট্রেচার বা হুইলচেয়ারে করে অন্য তলায় নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁকে জরুরি বিভাগের বাইরের অংশের শৌচাগারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে খবর। সেখানে যাওয়ার পথেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বিশ্বজিৎবাবু। এরপর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। ঠিক কী কারণে এবং কীভাবে বিশ্বজিৎ মন্ডলের (সামন্ত) মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসার গাফিলতি নাকি পরিকাঠামোগত ত্রুটি— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত