
চূড়াচাঁদপুর (মণিপুর), ২৫ মাৰ্চ (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত গাংপিমুয়াল গ্রামে একটি নির্মাণস্থলের জলভর্তি গর্তে ডুবে দুই সহোদর সহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ঘটনাটি গতকাল মঙ্গলবার বিকালের দিকে সংঘটিত হয়েছে। গাংপিমুয়ালের বেজারভেং গ্রামে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের কাছে সম্প্রতি প্রায় চার ফুট গভীর গর্তটি খোঁড়া হয়েছিল। গত কয়েকদিনের বৃষ্টির জলে গর্তটি ভরে গিয়েছিল।
মঙ্গলবার বিকালে তিন থেকে পাঁচ বছরের কয়েকটি শিশু সেখানে খেলাধুলো করছিল। আচমকা তিন শিশু প্রায় চার ফুট গভীর গর্তে পড়ে যায়। স্থানীয় মানুষজন তিন শিশুক গর্ত থেকে তুলে দ্রুত চূড়াচাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের চিকিৎসকরা তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস