
শান্তিরবাজার (ত্রিপুরা), ২৫ মার্চ (হি.স.) : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার বিজেপি-এর মনোনয়নপত্র জমা কর্মসূচি ঘিরে আচমকাই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বিজেপি সূত্রে জানা গেছে, মনোনয়ন জমা দেওয়ার সময় তিপ্রা মথা দলের কয়েকজন কর্মী একটি গাড়ি নিয়ে দ্রুতগতিতে এসে বিজেপি-এর সমর্থকদের ওপর চড়াও হন। অভিযোগ, গাড়িটি সরাসরি ধাক্কা মারে বিজেপি-এর চার থেকে পাঁচজন কর্মীকে। এর ফলে মুহূর্তের মধ্যেই এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ফলে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
সংঘর্ষের জেরে একটি মোটরবাইক এবং একটি চারচাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়।
এদিন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্র থেকে বিজেপি-এর মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং শান্তিরবাজার মহকুমা শাসকের দফতরে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।” পাশাপাশি তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী আবহে রাজনৈতিক পারদ আরও চড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ