
আরামবাগ, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যেই বুধবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট থানা পরিদর্শন করলেন।
এদিন থানায় পৌঁছে তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং থানার পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এলাকায় শান্তি বজায় রাখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে নজরদারি আরও কীভাবে জোরদার করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত গাইডলাইন মেনেই সমস্ত পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি বলেন, “সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই বিষয়টিতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও জানান, ব্লকের সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। নিয়মিত রুট মার্চ এবং নাকা চেকিংয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। নির্বাচনের আগে পুলিশ সুপারের এই সক্রিয়তা গোঘাটের সাধারণ মানুষের মধ্যে বাড়তি ভরসা জোগাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA