
ইমফল, ২৫ মাৰ্চ (হি.স.) : মণিপুরের অন্যতম পাহাড়ি জেলা উখরুলের লিতান থানাধীন একাধিক স্থানে সমন্বিত অভিযান চালিয়ে বাঙ্কার ভেঙে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতরের এক আধিকারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার গোটা দিন উখরুল জেলার অন্তৰ্গত লিতান থানাধীন লেঙ্গিয়াংচিং ও মংকাট চেপু গ্রাম সহ একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। ওই সব জায়গায় সাম্প্রতিক সংঘর্ষে জড়িতদের আটক করতে অভিযান চালানো হয়। সেখানে উভয় সম্প্রদায়ের তৈরি কয়েকটি বাঙ্কার থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কার্তুজ উদ্ধারের পাশাপাশি বাঙ্কারগুলি ধ্বংস করে অকার্যকর করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।
পুলিশের আধিকারিক সূত্রটি জানিয়েছে, অভিযানে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে যে আগ্নেয়াস্ত্ৰ ও কার্তুজ উদ্ধার করেছে, সেগুলি সম্ভবত এলাকায় সাম্প্ৰতিক সংঘর্ষে ব্যবহার করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস