বক্সনগরে সীমান্ত সড়ক থেকে উদ্ধার বিপুল পিরমাণে বাংলাদেশি টাকা
বক্সনগর (ত্রিপুরা), ২৫ মার্চ (হি.স.) : সীমান্তবর্তী এলাকায় নিয়মিত পেট্রোলিং ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সিপাহীজলা জেলার কুলুবাড়ি–কাজিটিলা সীমান্ত সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয
বাংলাদেশি টাকা উদ্ধার


বক্সনগর (ত্রিপুরা), ২৫ মার্চ (হি.স.) : সীমান্তবর্তী এলাকায় নিয়মিত পেট্রোলিং ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সিপাহীজলা জেলার কুলুবাড়ি–কাজিটিলা সীমান্ত সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ভারতীয় টাকায় প্রায় আড়াই লক্ষ টাকার সমপরিমাণ বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো বুধবারও ওই এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। টহল চলাকালীন রাস্তার ধারে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি প্যাকেট তাদের নজরে আসে। পরে প্যাকেটটি তল্লাশি করতেই তার ভিতর থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সমস্ত আইনি প্রক্রিয়া মেনে টাকাগুলি জব্দ করে।

ঘটনার খবর পাওয়া মাত্রই সোনামুড়া থানার পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। কীভাবে বিপুল পরিমাণ বিদেশি টাকা সীমান্তবর্তী এলাকায় এল, এর পেছনে কোনও চোরাচালান চক্র জড়িত রয়েছে কিনা, অথবা পাচারের উদ্দেশ্যে টাকাগুলি সেখানে রাখা হয়েছিল কিনা—এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগকে সক্রিয় করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও সমন্বয় রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সীমান্তবর্তী এই এলাকাকে ব্যবহার করে অবৈধ লেনদেন বা চোরাচালানের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তদন্তের স্বার্থে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালানো হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কুলুবাড়ি–কাজিটিলা সীমান্ত এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande