
পূর্ব বর্ধমান, ২৫ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমান জেলার গলসিতে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর গলসির চৌমাথায় ঢোকার আগে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বেনাচিতি থেকে কৃষ্ণনগরগামী বাস দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর।
পুলিশ জানিয়েছে, বাসটি বেনাচিতি থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। যান্ত্রিক গোলযোগের কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি লরি। কোনও কারণে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। জখম হন কেবিনে বসে থাকা বেশ কিছু যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ