
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পানীয় জল ও অন্যান্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এদিন এই নির্দেশ দেয় আদালত। ওই মামলায় রাজ্যের প্রতিটি বুথে ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করার দায়িত্ব কোনও কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হবে নাকি রাজ্য পুলিশকে— সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আবেদনকারীর নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশনই।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালত মূলত এটিই নিশ্চিত করতে চায় যে, ভোটকেন্দ্রে আসা সাধারণ ভোটাররা যেন পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পান এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। শুনানির সময় আদালত প্রশ্ন তোলে যে, অবাধ, স্বচ্ছ এবং হিংসামুক্ত নির্বাচন সম্পন্ন করা কি কেবল নির্বাচন কমিশনেরই কাজ, নাকি রাজ্য সরকারেরও সমান দায়িত্ব রয়েছে?
উল্লেখ্য, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে।
একই ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন কর্তৃক সম্প্রতি আমলা ও পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা অন্য একটি জনস্বার্থ মামলারও শুনানি হওয়ার কথা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি