

হোজাই (অসম), ২৫ মাৰ্চ (হি.স.) : লংকায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা লামডিং আসনে বিজেপি-প্রার্থী শিবু মিশ্রের সমর্থনে লংকা ক্রীড়া সংস্থার খেলার মাঠে ‘বিজয় সংকল্প’ সভায় অংশগ্রহণ করেন। সভায় ভাষণ দিতে গিয়ে অসমে পুনরায় বিজেপি সরকার গঠনের জন্য সকলকে প্রচারে নামার আহ্বান জানান ড. শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৫-৬ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোজাইয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তিনি বলেন, স্বচ্ছ নিয়োগ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অসমের যুবক-যুবতী ও মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। ড. শর্মা ঘোষণা করেন, পুনরায় বিজেপি সরকার গঠিত হলে অসমে দুই লক্ষ চাকরি দেওয়া হবে। ‘নিযুত বাবু’ এবং ‘নিযুত মইনা’ প্রকল্পের অর্থের অঙ্ক বাড়ানো হবে। অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি থেকেই ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে এবং সকলকে শিক্ষার আওতায় আনা হবে।
এছাড়া, ব্যবসা করতে আগ্রহী ১০ লক্ষ যুবক-যুবতীকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ১০ হাজার টাকার অঙ্ক বাড়িয়ে মহিলাদের ২৫ হাজার টাকা দেওয়া হবে।
কংগ্রেসকে কটাক্ষ করে হিমন্তবিশ্ব বলেন, তারা এ সব প্রকল্প দিতে পারবে না। তাদের প্রতীক ‘লুঙ্গি’ হওয়া উচিত।
অন্যদিকে, ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় ১৮ হাজার মহিলাকে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়া ১৫ লক্ষ সরকারি ঘর নির্মাণের পরিকল্পনার কথাও বলেন। তিনি দাবি করেন, কংগ্রেস ছিল ‘ধুতি-লুঙ্গি সরকার’। অসমে শান্তি বজায় রাখতে আবারও বিজেপি সরকার আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
লংকা মহাবিদ্যালয়ে বিজ্ঞান শাখা চালু করা হবে, লংকায় একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে, কাকি ও লংকায় দুটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। এছাড়া, যাদের জমির পাট্টা নেই, তাঁদের জমির পাট্টা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্ৰী। আজ মধ্য অসমের আরও কয়েকটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস