
দুর্গাপুর, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর পশ্চিমে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বুধবার বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বিতর্কিত মন্তব্য—“দুয়ারে চোর এসেছে, তাই গরম জল আর ডান্ডা রাখুন”—নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় দলের কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস গরিবের সরকার নয়, বরং ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তিনি দাবি করেন, দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত এডিডিএ চেয়ারম্যান হওয়ার পর বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এবং দুর্নীতি ও স্বজনপোষণের সঙ্গে যুক্ত।
এদিন বিজেপি কর্মী শান্তনু মিশ্রও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, আরটিআই-তে চাওয়া তথ্য দিতে পারেনি দুর্গাপুর নগরনিগম এবং জমি হস্তান্তর নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি বিশেষ তদন্তের দাবিও জানান।
বক্তব্যে সৌমিত্র খাঁ আরও বলেন, “চোরের কাজ চুরি করা, আর জনগণের কাজ চোর তাড়ানো।” যদিও পরবর্তীতে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের আঙুলই আসল ডান্ডা”—ইভিএমে ভোট দিয়েই পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
বিজেপির প্রার্থী তথা বর্তমান বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই -এর সমর্থনে প্রচারে এসে সৌমিত্র খাঁ রাজ্যের কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, কর্মসংস্থানের অভাবে যুব সমাজ অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় উদ্যোগে দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলা হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, এই ধরনের মন্তব্যের কোনও গুরুত্ব নেই। তাঁর কথায়, “অযথা এসব অভিযোগের জবাব দেওয়া মানে গুরুত্ব বাড়ানো। ভোটের সময় সবাই বিচার করবেন।”
প্রসঙ্গত, দুর্গাপুর পশ্চিম আসনে বিজেপির লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কবি দত্ত লড়ছেন। নির্বাচনের আগে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে শিল্পাঞ্চলের রাজনৈতিক ময়দান।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা