
শ্রীভূমি (অসম), ২৫ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে শ্রীভূমি জেলা প্রশাসন সমগ্র জেলায় মদ্যপান ও বিক্রয় নিষিদ্ধ করে ড্রাই ডে ঘোষণা করেছে।
শ্রীভূমির জেলাশাসক এক বিজ্ঞপ্তি জারি করে জননিরাপত্তা ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে জেলাজুড়ে সমস্ত মদের দোকান ও গুদাম আগামী ৭ এপ্রিল বিকাল ৫.০০টা থেকে ৯ এপ্রিল বিকাল ৫.০০টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন। পাশাপাশি, ভোট গণনার দিন, ৪ মে ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গোটা দিন ড্রাই ডে হিসেবে পালিত হবে।
নির্দেশিকায় জেলার সমস্ত পাইকারি ওয়্যার হাউস, আইএমএফএল রিটেল শপ, ক্লাব, হোটেল এবং দেশি মদের দোকান ওই নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, ওই সময়কালে কোনও ব্যক্তির ব্যক্তিগতভাবে মদ মজুত করা আইনত নিষিদ্ধ।
লাইসেন্সবিহীন প্রাঙ্গণে মদের মজুত রুখতে আবগারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আবগারি আইন ও নিয়মাবলী এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ (সি) ধারা অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন এবং আবগারি বিভাগকে জেলার প্রতিটি সার্কলে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস