
ঝাড়গ্রাম, ২৫ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। ঘটনাটি ঘটেছে কেশিয়াপাতা এলাকায়।জানা যায়, বুধবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রচার মিছিল ও সভার আয়োজন করা হয়। কর্মসূচি শেষে দলীয় কর্মীদের নিয়ে কেশিয়াপাতা ব্লক কার্যালয়ে যান অজিত মাহাতো। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা দাস। হঠাৎ পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় এক মুহূর্ত দেরি না করে নিজের প্রচার কর্মসূচি স্থগিত রেখে দ্রুত উদ্যোগ নেন তিনি। নিজেই গাড়ির ব্যবস্থা করে অসুস্থ টুম্পা দাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে পৌঁছে তিনি শুধু দায়িত্ব পালন করেই থেমে থাকেননি, অসুস্থ সহকর্মীর শয্যার পাশে দাঁড়িয়ে নিজ হাতে পাখা করে দিতে দেখা যায় তাঁকে। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অজিত মাহাতো। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সহকর্মীর পাশে দাঁড়ানোর ঘটনাকে অনেকেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়