
গুয়াহাটি, ২৫ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির নিকটবর্তী আমিনগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ। মাদক পাচারের অভিযোগে মণিপুরের দুই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজ্য পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে আমিনগাঁওয়ে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নামে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কামরূপ পুলিশের যৌথ দল। মাদক-বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এসটিএফ-এর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠক।
সূত্রটি জানিয়েছে, লক্ষ্যভিত্তিক অভিযানে এএস ০১ বিকিউ ৫৬৫১ নম্বরের একটি চার চাকার মারুতি আর্টিগার গতিরোধ করেন অভিযানকারীরা। গাড়িতে তালাশি চালিয়ে দরজার প্যানেল এবং ড্যাশবোর্ডের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা মাদক হেরোইন ভরতি ২৫টি সাবানের বাক্স উদ্ধার করা হয়েছে। সাবানের বাক্সগুলি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৫০ গ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য কমপক্ষে ৩ কোটি টাকা, বলেছে সূত্ৰটি।
মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মণিপুরের চূড়চাঁদপুর জেলার অন্তৰ্গত টুইবং থানাধীন এম সঙগেল গ্রামের বাসিন্দা জনৈক জামখোলুন হাওকিপের ২৯ বছর বয়সি ছেলে লামমিনথাং হাওকিপ (২৯) এবং একই জেলার টুইলা গ্রামের বাসিন্দা জনৈক লুঞ্জাং হাওকিপের ৩১ বছরের ছেলে গিংকগলহলাল হাওকিপকে গ্রেফতার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস