
মেদিনীপুর, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকায় বুধবার প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির গ্যারাজ পাড়া এলাকায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণির ছাত্রী অনুষ্কা গিরি বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ টিউশন পড়ার উদ্দেশ্যে কেশিয়াড়ি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সেই সময় বেলদার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে সওয়ার দুই অজ্ঞাতপরিচয় যুবক আচমকা তার পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ছাত্রীর সাইকেলের ঝুড়িতে রাখা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে চম্পট দেয় তারা।
আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় ওই ছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দিনেদুপুরে এমন ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি