
আলিপুরদুয়ার, ২৫ মার্চ (হি.স.): হাতির হামলায় প্রাণ হারালেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার সুভাষ নগরের বাসিন্দা মন্টু সাহা (৪৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ একটি বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রথমে একটি নারকেল গাছ ভেঙে ফেলে। এর পরে খাবারের খোঁজে দু’টি বাড়ির রান্নাঘর ও একটি দোকানঘরে হানা দেয়। তছনছ করে দেয় সেগুলি। দোকান ভাঙার শব্দে পাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন মন্টু। সেই সময়ই হাতিটি তাঁর উপরে হামলা চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন। বন দফতর জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ