বারাসাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর রোড অবরোধ, বিক্ষোভ অটোচালকদের
বারাসাত, ২৫ মার্চ (হি. স.) :- উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়া এলাকায় বুধবার সকালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। অভিযোগ, কাজীপাড়া রেলগেট সংলগ্ন একটি গ্যাস কাউন্টারে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে গ্যাসের
অটো বিক্ষোভ


বারাসাত, ২৫ মার্চ (হি. স.) :- উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়া এলাকায় বুধবার সকালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। অভিযোগ, কাজীপাড়া রেলগেট সংলগ্ন একটি গ্যাস কাউন্টারে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। বারাসাত–সোদপুর রুটের অধিকাংশ অটোচালক এই কাউন্টার থেকেই প্রতিদিন গ্যাস নেন।অটোচালকদের দাবি, গত ১৫ দিনের মধ্যে প্রায় ৫০ টাকারও বেশি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন চালকরা। কিন্তু এদিন সকালে আগের তুলনায় আরও বেশি দাম চাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি গ্যাস ভরার পর সঠিক বিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তারা।বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যশোর রোডে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুপাশে প্রায় এক কিলোমিটার জুড়ে অটোর লাইন পড়ে যায়।এদিকে গ্যাস কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে অটোচালকদের অভিযোগ, সাজিরহাট ও নিউটাউনের একই সংস্থার কাউন্টারে দাম বাড়েনি, শুধুমাত্র বারাসাতেই হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande