
শিলিগুড়ি, ২৫ মার্চ (হি.স.) : শিলিগুড়িতে এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় রাজ্য সরকার এবং পুলিশের কর্মপদ্ধতি নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ অবস্থানে বসেছেন।
উল্লেখ্য, গত সোমবার শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ উঠেছে, ওই এলাকার আমির আলি নামের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, বিয়ের প্রস্তাব দেওয়া হলে ওই যুবক তা এড়িয়ে যায়, যার পরেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বুধবার ধরণার দ্বিতীয় দিনে বিজেপি নেতা শঙ্কর ঘোষ অভিযোগ করেন, এই মামলায় পুলিশের গড়িমসি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে অভিযুক্তরা কোনো প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয়, তবে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।” সেই সঙ্গে তিনি সাধারণ মানুষকে ‘জাস্টিস ফর’ অভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী এই গুরুতর ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে গোটা শহরেই চাপা উত্তেজনা রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের ওপর চাপ ক্রমশ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি