
সাঁকরাইল, ২৫ মার্চ (হি.স.) : প্রতি বছরের মতো এ বছরও রামনবমী উপলক্ষে বুধবার হাওড়ার সাঁকরাইল এলাকায় এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। রাজগঞ্জ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে মানিকপুরের একটি মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে বিশেষ পুজো ও প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিবেকানন্দ সেবা সংঘ ও সিংহবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতেই প্রথাগত বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হলেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
উদ্যোক্তাদের দাবি, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেব-দেবীরা অসুর ও অশুভ শক্তি বিনাশের জন্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই ঐতিহ্য ও ভাবনাকে সামনে রেখেই এই শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা হয়েছে। মানুষের সুরক্ষা ও ধর্মীয় সংস্কৃতির প্রতীক হিসেবেই প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয় বলে তাঁরা জানান।
এদিনের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ড্রোন ও সিসিটিভি-র মাধ্যমে পুরো মিছিলের ওপর নজরদারি চালায় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এদিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়