
পাথারকান্দি (অসম), ২৫ মাৰ্চ (হি.স.) : বিগত বছরের মতো এবারও পাথারকান্দির সলগই জিপির আট নম্বর লাইনে অবস্থিত একল বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীরাম জন্ম মহোৎসব সহ রামনবমী উপলক্ষ্যে নয় দিবসীয় ধর্মসভা ও কীর্তনের আয়োজন করা হয়েছে। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ওইদিন যজ্ঞানুষ্ঠানের মাধ্যবমে সম্পন্ন হবে উৎসবটি।
এর আগের দিন ২৭ মার্চ শুক্রবার ভক্তদের মধ্যে দিনভর মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া প্রতিদিনের কীর্তন ও ধর্মসভায় উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় রামকথা পাঠ সহ ভজন কীর্তন। ওইদিন রাতেই সম্পন্ন হবে এক একটি অনুষ্ঠান।
গত ২০ মার্চ কলস যাত্রার মাধ্যমে গঙ্গাজল আনয়ন ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছিল। এতে প্রতিদিন শ্রদ্ধালুদের উপচে পড়া ভিড় হচ্ছে। কীর্তন ও রামকথা পাঠে এলাকার বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস