
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিশেষ করে দক্ষিণ কলকাতার হাই-প্রোফাইল কেন্দ্র ভবানীপুরে নতুন রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির সদস্য ডেরেক ও’ব্রায়েন এই নিয়োগের প্রতিবাদে দিল্লিতে নির্বাচন সদনে এবং কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে বিস্তারিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের পক্ষ থেকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, নবনিযুক্ত সুরজিৎ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ।রাজ্যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন শুরু করেছে কমিশন। ইতিপূর্বেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে তাঁদের পদ থেকে সরানো হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে কমিশন, যাঁদের অধিকাংশ মহকুমা শাসক (এসডিও) স্তরের। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করা হয়েছে।তৃণমূলের উদ্বেগের কারণ হলো, ভবানীপুর কেন্দ্র থেকে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারও তিনি এই কেন্দ্রের প্রার্থী। অন্যদিকে, শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও নির্বাচনে লড়ছেন। এই প্রেক্ষাপটে সুরজিৎ রায়ের মতো ‘ঘনিষ্ঠ’ আধিকারিককে ওই পদে নিয়োগ করায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। তাদের দাবি, শুভেন্দু অধিকারীর প্রভাবেই ওই আধিকারিক কাজ করতে পারেন।উল্লেখ্য, রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ভোট সংক্রান্ত প্রাথমিক প্রশাসনিক দায়িত্ব রিটার্নিং অফিসারদের হাতেই থাকে। ফলে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূলের এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত