দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূলের নালিশ, পুলিশকে হুমকির অভিযোগ
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। খড়্গপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার
দিলীপ ঘোষ


কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। খড়্গপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে জানানো হয়েছে, একটি ভাইরাল ভিডিওতে দিলীপ ঘোষকে খড়্গপুর থানার আইসি-র উদ্দেশে অত্যন্ত হিংসাত্মক এবং হুমকিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছে। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং নির্বাচনী আদর্শ আচরণবিধি (এমসিসি)-র পরিপন্থী। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ঘাসফুল শিবিরের আবেদন, এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এবং দিলীপ ঘোষকে রাজ্যে কর্মরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক বা হিংসাত্মক বয়ান দেওয়া থেকে বিরত রাখা হোক।

পাশাপাশি তৃণমূল আরও জানিয়েছে যে, গত ১৬ মার্চ কালীঘাট ও চেতলা এলাকায় দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৪ মে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande