
আসানসোল, ২৫ মার্চ (হি.স.): একদা ‘লাল দুর্গ’ নামে পরিচিত রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। তৃণমূল, বাম শিবির এবং বিজেপি—তিন পক্ষের কাছেই এই আসনটি এখন রীতিমত সম্মানরক্ষার লড়াই। একদিকে, তৃণমূল কংগ্রেস এই আসনে নিজেদের কর্তৃত্ব অটুট রাখতে চায়।অন্যদিকে, বামফ্রন্ট মরিয়া হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায়। আবার, বিজেপি প্রথমবারের মতো এই আসনে 'পদ্ম ফোটানো'–র জন্য লড়াই করছে।
উল্লেখ্য, রানিগঞ্জ–এ ১৯৬২ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫টি নির্বাচনের মধ্যে ১৩টিতেই বাম প্রার্থীরা জয়ী হয়েছেন। শুধুমাত্র ২০১১ এবং ২০২১ সালেই তৃণমূল কংগ্রেস এই 'লাল দুর্গ'–তে প্রবেশ করতে পেরেছিল। ২০১১ সালে প্রথমবার এই আসনে তৃণমূল সেখানে জয়লাভ করে। আবার ২০১৬ সালে সিপিএম জেতে এই আসনে। তবে ২০২১ সালে আবারও তৃণমূল ফিরে আসে এখানে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে ৭৮,১৬৪ ভোট পেয়ে জয়ী হয়। বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। তারা পেয়েছিল ৭৪,০০৮ ভোট। আর সিপিএম পেয়েছিল ২১,৬৫৮ ভোট। উল্লেখযোগ্য বিষয়, ২০২১ সালে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসায় এবং সিপিএম তৃতীয় স্থানে নেমে যাওয়ায় রানিগঞ্জ–এর রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দেয়। আসন্ন নির্বাচনে তৃণমূলের সামনে যেমন এই আসন ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ, তেমনই বিজেপি প্রথমবার এখানে জয় পেতে উদগ্রীব। স্পষ্টতই, রানিগঞ্জ আসনের নির্বাচন এবার রাজনৈতিক মর্যাদা ও ভবিষ্যত নির্ধারণের এক গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত