
প্রয়াগরাজ, ২৫ মার্চ (হি. স.) : উত্তর প্রদেশ সরকারের ‘দারিদ্র্যমুক্তিকরণ অভিযান’-এর আওতায় প্রয়াগরাজ জেলায় ২৮,৯৭৪টি দরিদ্র পরিবারকে চিহ্নিত করে তাঁদের বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আনার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বুধবার এই তথ্য জানান মুখ্য উন্নয়ন আধিকারিক হর্ষিকা সিং। তিনি জানান, ২০২৪ সালের ২ অক্টোবর শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল গ্রাম পঞ্চায়েত স্তরে সবচেয়ে দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিত করে আবাস, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক পরিষেবার সঙ্গে যুক্ত করা এবং তাদের আত্মনির্ভর করে তোলা।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিহ্নিত পরিবারগুলিকে ধাপে ধাপে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতর গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বঞ্চিত ১২,৫৩২টি পরিবারকে এর মধ্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর দেওয়ার প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।
একইসঙ্গে ‘উত্তর প্রদেশ স্টেট রুরাল লাইভলিহুড মিশন’-এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলিকে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে মোট ২০,০১৮টি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছিল, যার মধ্যে এখনও পর্যন্ত ১১,৮১৬টি নতুন পরিবারকে যুক্ত করা সম্ভব হয়েছে। প্রশাসনের দাবি, খুব শীঘ্রই বাকি পরিবারগুলিকেও প্রকল্পের আওতায় এনে জেলায় দারিদ্র্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য