
উজ্জয়িনী, ২৫ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের শ্রী মহাকালেশ্বর মন্দিরে-এ বুধবার ভোরে ভস্ম আরতির সময় দেবাদিদেব মহাকাল-এর অপূর্ব ও রাজকীয় শৃঙ্গার দর্শনে মুগ্ধ হলেন শতাধিক ভক্ত। এদিন ভোর ৪টা নাগাদ মন্দিরের দরজা বিধি মেনে খোলা হয়। প্রথমে বীরভদ্রকে প্রণাম করে স্বস্তিবচন সম্পন্ন হয়, তারপর গর্ভগৃহে প্রবেশ করে পূর্বের শৃঙ্গার অপসারণ করা হয়। পরবর্তীতে ফলের রস, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, গোলাপ জল মিশ্রিত দুধ দিয়ে অভিষেক সম্পন্ন হয়। এরপর ভগবান মহাকালকে তাঁর প্ৰিয় পুজোর সামগ্রী, চন্দন, সিঁদুর ও সুগন্ধি ফুল দিয়ে বিশেষভাবে সজ্জিত করা হয়। মাথায় রুপোর বেলপাতা, রৌপ্য মুকুট, শেষনাগ মুকুট, মুন্ডমালা ও রুদ্রাক্ষের মালায় তাঁকে রাজাধিরাজ রূপে অলঙ্কৃত করা হয়।
ভোগে শুকনো ফল, ফল ও মিষ্টি নিবেদন করার পর মহা নির্বাণী আখড়ার পক্ষ থেকে ভস্ম অর্পণ করে মূল ভস্ম আরতি সম্পন্ন হয়। কর্পূর আরতির পর জ্যোতির্লিঙ্গকে আচ্ছাদিত করে নিয়ম মেনে ভস্ম প্রয়োগ করা হয়। এই সময় মন্দির চত্বর “জয় শ্রী মহাকাল” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি নন্দী হল-এ নন্দী মহারাজের পুজো হয় এবং ভক্তরা নিজেদের মনোবাসনা জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য