ভোটার তালিকায় যান্ত্রিক গোলযোগ, ‘বিবাদমূলক’ স্ট্যাটাস ঘিরে শোরগোল; তদন্তে নির্বাচন কমিশন
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের কয়েক হাজার ভোটারের স্ট্যাটাস ভোটার তথ্যপঞ্জিতে আচমকাই ‘বিবাদমূলক’ দেখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রযুক্তিগত এই ত্রুটির কারণে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এক আধ
ভোটার তালিকায় যান্ত্রিক গোলযোগ, ‘বিবাদমূলক’ স্ট্যাটাস ঘিরে শোরগোল; তদন্তে নির্বাচন কমিশন


কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের কয়েক হাজার ভোটারের স্ট্যাটাস ভোটার তথ্যপঞ্জিতে আচমকাই ‘বিবাদমূলক’ দেখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রযুক্তিগত এই ত্রুটির কারণে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে এই সমস্যাটি প্রকাশ্যে আসে।

​জানা গিয়েছে, ভোটাররা যখন তাঁদের ভোটার আইডি নম্বর ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করার চেষ্টা করছিলেন, তখন অনেকের স্ট্যাটাস ‘বিবাদমূলক’ দেখাচ্ছিল। অথচ ওই ভোটারদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়।

​কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “সম্ভবত সার্ভার বা ব্যাকএন্ড সিস্টেমের কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যাটি হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে তা সমাধান করা হয়েছে। ঠিক কী কারণে এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

​এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নির্বাচনের মুখে এই ধরনের ত্রুটির ফলে সাধারণ ভোটারদের মনে অহেতুক সন্দেহ ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে। শাসক শিবিরের তরফে এই বিষয়ে কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

​অন্যদিকে, নির্বাচন কমিশন এই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্যাটি চিহ্নিত করার দুই ঘণ্টার মধ্যেই তা ঠিক করে দেওয়া হয়েছে। বর্তমানে ভোটার তথ্যপঞ্জি স্বাভাবিক অবস্থায় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande