
জয়পুর, ২৫ মার্চ (হি.স.): রাজস্থানে আবহাওয়ার আবার পরিবর্তন হতে চলেছে। ২৮ মার্চ আটটি জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যদিও, ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু এলাকায় হালকা মেঘ দেখা যেতে পারে।
বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজ্যে বজ্রবিদ্যুৎ–সহ ঝড় ও বৃষ্টির প্রভাব কম ছিল। একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম রাজস্থানের আকাশ আংশিক মেঘলা ছিল। জয়সলমের ও বারমের সহ কিছু এলাকায় হালকা ধূলিঝড় হয়েছে এবং তাপমাত্রা বেড়েছে। রাজধানী জয়পুরে মঙ্গলবার সারাদিন আবহাওয়া পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল ছিল। সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে জয়সলমের, বারমের, জালোর, সিরোহি, শ্রীগঙ্গানগর, বিকানের এবং যোধপুর সহ বেশ কয়েকটি জেলায় সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এই এলাকাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। তবে, ২৮ মার্চ আবহাওয়ার আবার পরিবর্তন হতে চলেছে। যা রাজ্যের অনেক অংশের আবহাওয়ার পরিবর্তন ঘটাবে এবং পুনরায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি শুরু হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন