কৈলাসহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন কৃষক পরিবার
কৈলাসহর (ত্রিপুরা), ২৫ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার বালুছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতবাড়ি। ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন একই পরিবারের তিন কৃষক—ইসলাম উদ্দিন, হজ্জাতুল ইসলাম ও নুরুল ইসলাম। জানা গেছে,
আগুনে পুড়ল তিনটি ঘর


কৈলাসহর (ত্রিপুরা), ২৫ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার বালুছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতবাড়ি। ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন একই পরিবারের তিন কৃষক—ইসলাম উদ্দিন, হজ্জাতুল ইসলাম ও নুরুল ইসলাম।

জানা গেছে, কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বালুছড়া গ্রামের বাসিন্দা ওই তিন ভাই সম্প্রতি আলাদা আলাদা করে নতুন পাকা ঘর নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। বুধবার দুপুরে তিন ভাই বাড়িতে না থাকলেও তাঁদের স্ত্রী ও শিশুরা ঘরে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একটি ঘরে আগুন দেখতে পেয়ে বাড়ির মহিলারা চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর অগ্নি নির্বাপক দফতরের দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সমস্ত মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে সোনা-গয়না, প্রায় এক লক্ষ টাকা নগদ, ধান, দামী আসবাবপত্র, বিছানা এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি ঘরের টিনের ছাউনিও সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে। তিন ভাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও শিক্ষাগত সনদও আগুনে ভস্মীভূত হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা বর্তমানে চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। পরনের কাপড় পর্যন্ত না থাকায় তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিজেপি নেতা তথা আইনজীবী সন্দীপ দেবরায়, আইনজীবী বিজিত দাস, যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে তহশিলদার ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করেন। বিজেপি নেতা সন্দীপ দেবরায় জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande