
ঝাড়গ্রাম, ২৫ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের প্রচারে সকাল থেকেই সরব দুই শিবির। কেউ মন্দিরে পুজো দিয়ে, আবার কেউ ঝুমুর সম্রাটের মূর্তিতে মাল্যদান করে দিনভর প্রচারে অংশ নেন প্রার্থীরা।
বুধবার গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাত সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের শিমুলিয়া গ্রামে মা শীতলা মন্দিরে পুজো দেন। এরপর শিমুলিয়া থেকে কুকুরাখুপি পর্যন্ত মিছিল করে জনসংযোগ করেন তিনি। পরে কুচলাদাড়ি গ্রামে শহিদ জওয়ান সমীরণ সিংয়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
অন্যদিকে, বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু গিধনী মণ্ডলের কমিউনিটি হলে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করেন। এরপর ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর মূর্তিতে মাল্যদান করে গিধনী বাজার এলাকায় জনসংযোগে অংশ নেন। বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি শোনেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো