
পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ (হি. স.):- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে ভোট প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, ১৬ নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পাইখোলা এলাকায় প্রচারে গেলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী রমা প্রসাদ গিরির পথ আটকে দেয় তৃণমূল কংগ্রেস-সমর্থিত কয়েকজন গ্রামবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।এর প্রতিবাদে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে কর্মী-সমর্থকেরা বেলদা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রচারে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা নিচ্ছে না। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অবরোধ তুলতে পুলিশ প্রথমে অনুরোধ জানালেও তা উপেক্ষিত হলে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়