
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় চন্দ্রপুরে এক হোটেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পীযূষ ঘোষ। তাঁর বাড়ি খয়েরপুরের বণিক্য চৌমুহনী এলাকায়।
জানা গেছে, পীযূষ ঘোষ রাজধানী আগরতলায় চন্দ্রপুর এলাকার একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তবে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনও সাড়া মেলেনি।
শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে দুর্ঘটনার খবর পান তাঁর স্ত্রী। এরপর তিনি দ্রুত জিবিপি হাসপাতালে পৌঁছে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনায় তিনি ভেঙে পড়েন।
এই মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। বোধজংনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, পীযূষ ঘোষের অকালমৃত্যুর খবরে খয়েরপুরের বণিক্য চৌমুহনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ