চুরুর হোটেলে দুষ্কৃতীদের গুলি; নিহত হোটেল মালিক, তিনজন আশঙ্কাজনক
চুরু, ৩ মার্চ (হি.স.) : রাজস্থানের চুরু জেলার বিদাসার শহরের একটি হোটেলে গুলিবর্ষণের ঘটনায় হোটেল মালিকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদাসার এলাকার ‘দ্য রয়্যাল ট্রিট’ নামে একটি হোটেলে সোমবার রাতে
হোটেলে গুলিবর্ষণ, নিহত হোটেল মালিক, তিনজন আশঙ্কাজনক


চুরু, ৩ মার্চ (হি.স.) : রাজস্থানের চুরু জেলার বিদাসার শহরের একটি হোটেলে গুলিবর্ষণের ঘটনায় হোটেল মালিকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদাসার এলাকার ‘দ্য রয়্যাল ট্রিট’ নামে একটি হোটেলে সোমবার রাতে তিনজন দুষ্কৃতী প্রবেশ করে গুলি চালায়। ঘটনাস্থলেই হোটেল মালিক মণিরাম মান্দার মৃত্যু হয়। আহতদের মধ্যে ভিখারাম জাট, শ্রাবণ জাট এবং প্রভুরাম প্রজাপত রয়েছেন। তাঁদের প্রথমে সুজনগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসে। তাতে দেখা যায়, অভিযুক্তরা রেস্তোরাঁয় প্রবেশ করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

জেলা পুলিশ সুপার জয় যাদব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande