
নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে বিমান চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। আকাশসীমা বন্ধ থাকার কারণে একটানা চতুর্থ দিন বিমান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বিমান বাতিল হয়েছে| এর মধ্যে ৩৬টি দিল্লি থেকে ওড়ার, আর ৪৪টি দিল্লিতে আসার বিমান বাতিল হয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ আকাশসীমায় বিধিনিষেধ জারি করেছে, অথবা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এর ফলে নিরাপত্তার কারণে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের যাত্রাপথ পরিবর্তন করেছে| আবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু বিমানও বাতিল করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দিল্লি থেকে বিভিন্ন দেশে যাতায়াতের উড়ানের উপর।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির কারণে গত দুই দিনে ভারতীয় বিমান সংস্থাগুলি মোট ৭৬০টি আন্তর্জাতিক বিমান বাতিল করেছে। বেশ কিছু অঞ্চলে আকাশসীমা বন্ধ থাকার ফলে পশ্চিমমুখী উড়ানের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ